নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনে জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিম ১৬ দফা ভিত্তিক নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (০৭ ফেব্রুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বনপাড়া পৌর নির্বাচনী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, বড়াইগ্রাম-বনপাড়া পৃথক উপজেলা বাস্তবায়ন, নাটোর থেকে সিরাজগঞ্জ পর্যন্ত রেলপথ নির্মাণ, কৃষিভিত্তিক ক্ষুদ্র শিল্প স্থাপন এবং ফিস প্রসেসিং সেন্টার নির্মাণসহ মোট ১৬টি ধারায় ৫৩টি উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরা হয়।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মাওলানা আব্দুল হাকিম বলেন, “আমি ক্ষমতার নয়, দায়িত্বের রাজনীতি করতে চাই। এলাকার মানুষের ন্যায্য অধিকার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমার লক্ষ্য।”
ইশতেহারে উল্লেখযোগ্য প্রতিশ্রুতির মধ্যে রয়েছে— বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান ও পুনর্বাসন, শ্রমিক এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, চলনবিলে ইকো ট্যুরিজম পার্ক স্থাপন, পাঙ্গিয়ার দিঘী, বিলসা ও পদ্মবিলের পর্যটন ব্যবস্থা আধুনিকায়ন এবং চলনবিলে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা।
এছাড়া, দুই উপজেলায় আধুনিক স্টেডিয়াম নির্মাণ, গ্যাস নির্ভর কারখানা স্থাপন, বেকার যুবকদের প্রযুক্তিগত প্রশিক্ষণের মাধ্যমে অনলাইন উদ্যোক্তা ও ফ্রিল্যান্সিং খাতে কর্মসংস্থান সৃষ্টি, বিদেশগামী যুবকদের কারিগরি প্রশিক্ষণ প্রদান ও ফ্রি পাসপোর্ট সুবিধা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।
ইশতেহারে আরও রয়েছে— কৃষিপণ্য ও মাছ সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণ ও বাজারজাতকরণ সুবিধা বৃদ্ধি, বঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক সরকারি ভবন নির্মাণ, চাঁদাবাজিমুক্ত নিরাপদ ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে উৎকোচ ও পক্ষপাতিত্ববিহীন নিয়োগ ব্যবস্থা চালু করার অঙ্গীকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক, গুরুদাসপুর উপজেলা আমীর প্রভাষক আব্দুল আলিম, মহাকাশ বিজ্ঞানী ও অবসরপ্রাপ্ত চিফ সায়েন্টিফিক অফিসার মো. ফজলুল হক, দিগন্ত টিভির সাবেক প্রযোজক আমিনুল ইসলাম শান্ত, এনসিপির জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, উপজেলা খেলাফত মজলিশের উপদেষ্টা মাওলানা ওমর ফারুক এবং সেক্রেটারি মাওলানা আলাউদ্দিন।
এ সময় শিক্ষাবিদ, চিকিৎসক, সমাজসেবক, শ্রমিক নেতা, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি 












