আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ আসনে বিএনপির রাজনীতিতে ব্যতিক্রমী চিত্র দেখা যাচ্ছে। নাটোর জেলা বিএনপির সদস্য ও মরহুম সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ও মেয়ে একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন মরহুম নেতার কন্যা ফারজানা শারমিন পুতুল। অন্যদিকে তার ভাই ডা. ইয়াসীর আরশাদ রাজন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। ফলে একই পরিবারের দুই সদস্যের মুখোমুখি লড়াই স্থানীয় রাজনীতিতে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।
এছাড়াও এই আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলীয় সূত্রে জানা গেছে, মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর সারা দেশে অন্তত ৭৬টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও এসব বিদ্রোহী প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেননি।
এর ফলে দলীয় ঐক্য ও ভোটের সমীকরণে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলীয় সূত্র আরও জানায়, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতা মনোনয়ন না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, আবার কেউ প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন। জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রিয় এসব প্রার্থীর কারণে সংশ্লিষ্ট আসনগুলোতে বিএনপির ভোট বিভক্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

নাটোর প্রতিনিধি 



















