নাটোর জেলার চারটি সংসদীয় আসনের সবকটিতেই বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় নাটোরের জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে দেখা যায়, নাটোরের চারটি আসনে বিএনপির বিজয়ী প্রার্থীরা হলেন— নাটোর-১ আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, নাটোর-৩ আসনে আনোয়ারুল ইসলাম আনু এবং নাটোর-৪ আসনে আব্দুল আজিজ।
নাটোর-১: পিতার আসনে পুতুলের প্রত্যাবর্তন
নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপির প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল পেয়েছেন ১ লাখ ২ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৯০ হাজার ৫৬৮ ভোট। স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপু (কলস প্রতীক) তৃতীয় হয়েছেন ৭৩ হাজার ১৭৩ ভোট পেয়ে।
উল্লেখ্য, পুতুল সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটল-এর কন্যা। দীর্ঘ দেড় যুগ পর এই আসনে আবারও ধানের শীষের প্রত্যাবর্তন ঘটল।
নাটোর-২: বড় ব্যবধানে দুলুর জয়
নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলা নিয়ে গঠিত নাটোর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট। জয়ী হয়ে তিনি মানুষের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন।
নাটোর-৩: হাড্ডাহাড্ডি লড়াইয়ে আনুর জয়
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপির প্রার্থী আনোয়ারুল ইসলাম আনু পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬৮ ভোট। তার প্রধান প্রতিদ্বন্দ্বী, জেলা বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদ পেয়েছেন ৬৬ হাজার ৪৯২ ভোট। মোট ৩ লাখ ২৬ হাজার ৮৭২ ভোটারের এই আসনেও শেষ পর্যন্ত ধানের শীষের বিজয় নিশ্চিত হয়।
নাটোর-৪: বিএনপি-জামায়াতের মূল লড়াই
নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনে বিএনপির প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল আজিজ পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৫৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা আব্দুল হাকিম পেয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৩৮৬ ভোট। মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই সীমাবদ্ধ ছিল বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যেই।
সব মিলিয়ে নাটোরের চারটি আসনেই বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জেলায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ, আর রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে দীর্ঘদিন পর ধানের শীষের এই শক্তিশালী প্রত্যাবর্তন।

নাটোর প্রতিনিধি 













