পাবনার ভাঙ্গুড়ায় গুমানি নদীতে সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন দুই পাড়ের বাসিন্দারা। উপজেলার চড়-ভাঙ্গুড়া খাঁপাড়া ও সরকার পাড়ার মাঝ দিয়ে বয়ে যাওয়া এ নদীতে প্রতিদিন ডিঙি নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে স্থানীয়দের। এতে শিক্ষার্থী, কৃষক ও রোগীদের নিত্যদিন নানা ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয়দের দাবি, গুমানি নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে আশপাশের ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষের যাতায়াত অনেক সহজ হবে। বর্তমানে নদী পারাপারের বিকল্প হিসেবে নৌবাড়ীয়া সেতু ব্যবহার করতে হয়। ওই সেতু ঘুরে যাতায়াতের কারণে প্রায় ছয় থেকে সাত কিলোমিটার অতিরিক্ত পথ পাড়ি দিতে হয়। গুমানি নদীর ওপর নতুন একটি সেতু নির্মিত হলে স্থানীয়দের এই দীর্ঘ পথ ঘুরে চলাচলের ভোগান্তি কমবে।
এ ছাড়া সেতুটি নির্মিত হলে কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহন সহজ হবে। পাশাপাশি এলাকার শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত এবং রোগীদের চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ আরও সহজ হবে বলে মনে করছেন স্থানীয়রা।
স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের দাবি, দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে গুমানি নদীর ওপর দ্রুত একটি সেতু নির্মাণ করা প্রয়োজন। তাঁদের মতে, সেতুটি নির্মিত হলে আশপাশের কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং দৈনন্দিন চলাচলে সময় ও ভোগান্তি কমবে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অনলাইন ডেস্ক 



















