বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পাওয়া সদস্যদের মধ্যে সর্বকনিষ্ঠ হলেন ফারজানা শারমিন পুতুল। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তিনি মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
নাটোর-১ (লালপুর ও বাগাতিপাড়া) আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্যের বয়স ৪১ বছর। বিএনপির কনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে তিনি ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন।
চলতি নির্বাচনে রাজশাহী বিভাগ থেকে জয়ী হওয়া একমাত্র নারী প্রার্থীও ফারজানা শারমিন পুতুল। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির হারানো নাটোর-১ আসন পুনরুদ্ধার করে দলকে গুরুত্বপূর্ণ সাফল্য এনে দেন তিনি। উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনের পর থেকে পরবর্তী কয়েকটি নির্বাচনে এই আসনে বিএনপির কোনো প্রার্থী বিজয়ী হতে পারেননি।
ফারজানা শারমিন পুতুল বিএনপি সরকারের সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটল–এর কন্যা। তার বাবা ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বাবার রাজনৈতিক ঐতিহ্য ধরে রেখে এবার নিজেই নির্বাচনে জয়ী হয়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন তিনি।

বিশেষ প্রতিনিধি 













