দিনাজপুর জেলা পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশের সদস্যদের অংশগ্রহণে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) আয়োজিত এ মাস্টার প্যারেডে কন্টিনজেন্ট পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন দিনাজপুর জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।
মাস্টার প্যারেডে জেলা পুলিশের মোট দশটি কন্টিনজেন্ট অংশগ্রহণ করে। এছাড়াও, সুসজ্জিত ও বর্ণিল বাদক দল প্যারেডে আলাদা মাত্রা যোগ করে। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন মোঃ হারেজ উদ্দিন, সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল), দিনাজপুর।
প্যারেড চলাকালে পুলিশ সুপার অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের শারীরিক ফিটনেস, শৃঙ্খলা, টার্ন আউট এবং ড্রিলের মান পর্যালোচনা করেন। এসব বিষয়ের ভিত্তিতে তিনি জিএস (গুড সার্ভিস) মার্ক প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি অফিসার ও ফোর্সদের সামগ্রিক শৃঙ্খলা ও ড্রেস রুলসের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
এ সময় পুলিশ সুপার জেলা পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্ব, শৃঙ্খলা বজায় রাখা এবং দায়িত্ব পালনে আরও সচেতন থাকার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
মাস্টার প্যারেডে দিনাজপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার 



















