পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচির সূচনা করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন।
বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জলাধার সংরক্ষণ, পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এর আগে সকাল ১০টার দিকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দরে উপস্থিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশে রওনা দেন।
দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনঃখননের মাধ্যমে কর্মসূচিটির আনুষ্ঠানিক সূচনা করা হয়। একইসঙ্গে তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল খনন ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন।
কর্মসূচি শেষে দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্তানে গিয়ে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন।
তারেক রহমানের আগমনকে ঘিরে দিনাজপুর ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি শেষে রাত সাড়ে ৯টার দিকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

অনলাইন ডেস্ক 



















