ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সারাদেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছে। দলীয় প্রতীক ‘ধানের শীষ’-এর প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কেন্দ্র থেকে মাঠপর্যায়ে সমন্বিত কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলটকে নেত্রকোনা জেলার দুটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণার দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত আসন দুটি হলো নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) এবং নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া)।
দলীয় নেতাকর্মীদের মতে, এজমল হোসেন পাইলটের দায়িত্বপ্রাপ্তির ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। মাঠপর্যায়ে দলকে শক্তিশালী করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং নির্বাচনী প্রচারণা কার্যক্রম ত্বরান্বিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং ছাত্র ও যুব রাজনীতিতে সক্রিয় ভূমিকার কারণেই তাঁর ওপর এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়নের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
নেতৃত্বের দেওয়া এই আস্থাকে সম্মান জানিয়ে এজমল হোসেন পাইলট বলেন, দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে তিনি সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ জোরদারে নিরলসভাবে কাজ করে যাবেন।

স্টাফ রিপোর্টার 



















