শীত মৌসুমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ সংস্থা ঢাকার বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।
শনিবার (৩ জানুয়ারি) সংগঠনটির উদ্যোগ ও সহায়তায় প্রায় ১০০ জন সুবিধাবঞ্চিত পথবাসী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অসহায় পরিবারের মাঝে শীতের উপহার সামগ্রী বিতরণ করা হয়।
“তারুণ্যের উষ্ণ হাতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬” শীর্ষক এই মানবিক কার্যক্রমের মূল উদ্দেশ্য ছিল শীতার্ত মানুষের কষ্ট লাঘবের পাশাপাশি সমাজে সহমর্মিতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনাকে জাগ্রত করা। শীতের তীব্রতায় যখন দরিদ্র ও অসহায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন তাদের পাশে দাঁড়ানোই এই কর্মসূচির প্রধান লক্ষ্য।
শীতের উপহার পেয়ে সুবিধাবঞ্চিত পথবাসী, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থী এবং অসহায় পরিবারগুলোর মুখে স্বস্তি ও আনন্দের ছাপ ফুটে ওঠে। উপস্থিত অনেকেই এমন মানবিক উদ্যোগের জন্য সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কর্মসূচি সম্পর্কে ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ নাসির মোল্লা বলেন, “সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে ক্ষুদ্র প্রচেষ্টাকেই আমরা বড় সাফল্য মনে করি। শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা শুধু সহায়তা নয়, মানবিক ভালোবাসার বার্তা পৌঁছে দিতে চাই।”
সংস্থার প্রতিষ্ঠাতা ও সহ-নির্বাহী পরিচালক আয়শা ছিদ্দীকা শিল্পী বলেন, “ভালোবাসা, দায়িত্ববোধ ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ গড়া সম্ভব। তরুণদের সক্রিয় অংশগ্রহণই আমাদের এই পথচলার মূল শক্তি।”
এই মানবিক উদ্যোগের জন্য স্থানীয় জনগণ ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উক্ত কর্মসূচিতে সংগঠনের সদস্য আয়েশা খাতুন, রাবেয়া সুলতানা, মেহেদি হাসান, রোমান বয়াতি, আতিফ হাসান, শিহাবুল ইসলাম, জিহাদ হাসান, সানজিদা আক্তার, নুপুর আক্তার, তানিয়া আক্তার, মোমো আক্তার, ইভা আক্তার, সিমরান, মিম আক্তার, ঝুমু আক্তার, সোহাগ ও আরাফাতসহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
ইয়ুথ ফর আপলিফট বাংলাদেশ সংস্থা ভবিষ্যতেও সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।

মোঃ লিটন হোসেন লিটু, স্টাফ রিপোর্টার 



















