ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস চালু না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। একাডেমিক কার্যক্রম দ্রুত স্বাভাবিক করার দাবিতে আজ শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
রোববার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এ কর্মসূচি শুরু করে।
এর আগে, এদিনই দুপুর থেকে ঢাকার সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে তারা। সেখানে অবস্থান কর্মসূচি শেষ করে আড়াইটার দিকে শাহবাগের দিকে আসে।
শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারি, প্রশাসনিক কাঠামো গঠন এবং একাডেমিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত জটিলতা দীর্ঘদিন ধরেই চলমান। এসব অনিশ্চয়তার কারণে নিয়মিত ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় তাদের শিক্ষাজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে।
শিক্ষার্থীদের দাবি, দ্রুত অধ্যাদেশ চূড়ান্ত করে স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গঠন করতে হবে এবং নিয়মিত ক্লাস পরীক্ষা নিশ্চিত করতে হবে। নইলে চলমান অনিশ্চয়তা আরও বাড়বে, ২০২৪-২৫ ব্যাচের শিক্ষার্থীদের একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হবে।
বাংলা বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা চলনবিল প্রবাহকে বলেন, ‘অনতিবিলম্বে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারি করতে হবে এবং শিক্ষার্থীদের ক্লাস শুরু করতে হবে। এটা প্রতিটা শিক্ষার্থীর ন্যায্যা অধিকার। আমাদের যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না করলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’

মোঃ লিটন হোসেন লিটু, স্টাফ রিপোর্টার 





















