ঢাকা-পাবনা মহাসড়কের মাধপুর শোলাবাড়িয়া গাঙহাটি এলাকায় শাহজাদপুর ট্রাভেলস ও মাছরাঙা পরিবহনের মধ্যে ভয়াবহ মুখোমুখি অন্তত ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল আনুমানিক ৭টার দিকে শাহজাদপুর উপজেলার মাধপুর ইউনিয়নের শোলাবাড়িয়া গাঙহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় জড়িত বাস দুটি হলো শাহজাদপুর ট্রাভেলস ও মাছরাঙা পরিবহন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাস দুটি বিপরীত দিক থেকে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হন। পরবর্তীতে উদ্ধারকাজ চলাকালে তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতদের মধ্যে শাহজাদপুর ট্রাভেলসের চালক রয়েছেন। অপর বাসের চালকসহ দুই বাসের কয়েকজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পার্শ্ববর্তী বিভিন্ন হাসপাতালে পাঠান। তবে দুর্ঘটনায় নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, পাবনা থেকে সিরাজগঞ্জের চারমাথা মোড় পর্যন্ত মহাসড়কের একটি বড় অংশ এখনো এক লেনের হওয়ায় প্রতিদিনই ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হয়। সরু সড়কে একসঙ্গে ভ্যান, অটোরিকশা, বাস ও ট্রাক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দ্রুত সড়ক সম্প্রসারণ ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
দুর্ঘটনার ফলে ওই মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মোঃ রাসেল হাসান, শাহজাদপুর প্রতিনিধি 














