বাংলাদেশ ও ভুটানের শীর্ষ নেতাদের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ গতকাল (২২ নভেম্বর) স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদার করতে দুটি সমঝোতা স্মারকে (এমওইউ) সই করেছে।
স্বাস্থ্য খাতে কর্মী নিয়োগ বিষয়ক প্রথম এমওইউটি স্বাক্ষর করে বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ এবং ভুটান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়। বাংলাদেশের পক্ষে নথিতে সই করেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।
অন্য সমঝোতা স্মারকটি আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ ও টেলিযোগাযোগসেবা বাণিজ্যের প্রসার সম্পর্কিত। এটি স্বাক্ষর করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। তারা উভয় নথির বিনিময়ও প্রত্যক্ষ করেন।
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা এবং প্রধান উপদেষ্টা ও ভুটানের প্রধানমন্ত্রীর মধ্যে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে গতকাল সকালে ঢাকায় পৌঁছেন। সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের বিশেষ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানান।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের জন্য দুই নেতার মধ্যে সৌজন্য আলাপ হয়। এসময় সাম্প্রতিক ভূমিকম্পে প্রাণহানির বিষয়েও তোবগে খোঁজ নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
পরে তাঁকে সালাম মঞ্চে নেওয়া হয়, যেখানে ১৯ বার তোপধ্বনি ও গার্ড অব অনার প্রদান করা হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখানে তিনি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি গাছ রোপণ করেন।

অনলাইন ডেস্ক 



















