তারুণ্যে ভরা একদল মানবিক মানুষের উদ্যোগে নাটোরের গুরুদাসপুরে চাঁচকৈড় বাজারে গড়ে ওঠা টেনরোজ বেসরকারি হাসপাতালের বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।
হৃদরোগ, কিডনি, গাইনি, ডায়াবেটিস, গ্যাস্ট্রো-লিভার ও মেডিসিন— বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
প্রতিষ্ঠানটির পরিচালক গোলাম মোস্তফা ভুলু বলেন, ‘আমরা প্রতিবছর বিশেষ বিশেষ দিবসে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।’
গাইনি, মেডিসিন ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ চিকিৎসক ডা. মাহজাবিন মাইশা বলেন, ‘টেনরোজ হেলথ কেয়ারের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বল্প আয়ের মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা দিতে পেরে আমরা সত্যিই আনন্দিত।’
চিকিৎসা নিতে আসা রোগী রমেসা, রহিমা ও কোবাদ জানান, ‘খবর পেয়ে চিকিৎসা নিতে এসেছি। বড় মাপের ডাক্তাররা খুব ভালোভাবে সেবা দিচ্ছেন। এ ধারা অব্যাহত থাকলে আমরা আরও উপকৃত হব।’
দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা টেনরোজ হাসপাতালের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 




















