জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ শেষে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে ব্যালট বাক্সগুলো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে জমা দেওয়া হচ্ছে। এরপর ধাপে ধাপে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছেন। তিনি বলেন, “বিকাল ৩টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। সব কেন্দ্রের তথ্য সমন্বয়ের পর চূড়ান্ত ভোটের হার ও বিস্তারিত ফলাফল জানানো হবে।”
তিনি আরও জানান, নির্ধারিত সময় বিকাল ৩টা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে সময় শেষ হওয়ার পর নতুন করে কাউকে লাইনে দাঁড়াতে দেওয়া হয়নি। শীতের তীব্রতা কিছুটা কম থাকলে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারতো বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সৈয়দা ইশরাত নাজিয়া। তিনি বলেন, “আমাদের কেন্দ্রে ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি, যা একটি শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিফলন।”
উল্লেখ্য, প্রথমবারের মতো অনুষ্ঠিত এই জকসু নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ১৬ হাজার ৬৪৫ জন। ভোটগ্রহণ শেষে এখন বিশ্ববিদ্যালয়জুড়ে শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে চলছে ফলাফল ঘোষণার অপেক্ষা।

অনলাইন ডেস্ক 



















