ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদী এবং চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম–৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর গুলিবর্ষণের সহিংস ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ (শনিবার) নাটোরের গুরুদাসপুরে প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
গুরুদাসপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তাদের সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি পথসভায় মিলিত হয়।
পথসভায় বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ওমর আলী শেখ। তিনি বলেন, “দেশে চলমান রাজনৈতিক সহিংসতা গণতন্ত্র ও মানুষের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। নির্বাচনী পরিবেশকে ভীতিকর করে তুলতে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হচ্ছে। এই গুলিবর্ষণের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।”
পৌর বিএনপির আহ্বায়ক মোঃ দুলাল সরকার বলেন, “সহিংস রাজনীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মতপ্রকাশ ও নির্বাচনী প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। অবিলম্বে দোষীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে।”
পৌর বিএনপির সদস্য সচিব সুফি মোঃ আবু সাইদ বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ সম্ভব নয়। জনগণের অধিকার রক্ষায় বিএনপি রাজপথে ছিল, আছে এবং থাকবে।”
এসময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী, পৌর বিএনপির সদস্য হারুন অর রশিদ, সরোয়ার বিশ্বাস ও সাবেক উপজেলা বিএনপির সহঃ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান সোহাগ।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা যুবদলের আহ্বায়ক এম সময় হাসান, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা প্রামাণিকসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের কার্যকর ভূমিকার আহ্বান জানান।

আয়নাল হক,গুরুদাসপুর (নাটোর) 




















