নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুরে প্রবীণ সেবা কেন্দ্রে অনুষ্ঠিত হলো এক আবেগঘন ও ব্যতিক্রমী প্রবীণ সম্মাননা প্রদান অনুষ্ঠান। শনিবার সকাল ১১টায় আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক প্রবীণের মুখে ফুটে ওঠে আনন্দের হাসি। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ১২২ বছর বয়সী মোঃ আব্বাস আলী। তার দীর্ঘ জীবনের গল্প সবাইকে মুগ্ধ করে, আর দেশি-বিদেশি অতিথিরা তার সঙ্গে কথা বলে সেই ইতিহাস শুনে আবেগাপ্লুত হন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মোঃ জামাল হোসেন। এরপর অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের প্রতিনিধি ডা. আহমেদ জামশেদ মোহাম্মাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া, কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ের, রূপান্তরের প্রেসিডেন্ট তোফাজ্জল হোসেন, এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার ডা. ইকবাল হাসান, স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডাঃ হাবিবুর রহমান, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব গোলাম কিবরিয়া, নাটোরের সিভিল সার্জন ডাঃ মুক্তাদির আরেফিন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আলমাছ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম শিশির, টিএমএসএস মেডিকেল কলেজের প্রফেসর ডাঃ জাকির হোসেন, অধ্যাপক ডাঃ আইয়ুব আলী, গ্লোবাল উন্নয়ন সংস্থার নজরুল ইসলাম, মাস্তুল ফাউন্ডেশনের রিয়াজ আহমেদ, ফ্রেন্ডশিপ হাসপাতালের মোহাম্মদ শামীম, হিউম্যান এইডের ডাঃ মইনুল ইসলাম ও সোনার বাংলা ফাউন্ডেশনের ইঞ্জিনিয়ার আল ইমরান সরদার।
প্রধান অতিথির বক্তব্যে ডা. আহমেদ জামশেদ মোহাম্মাদ বলেন, “একটি সমাজের সভ্যতার মান নির্ভর করে তারা প্রবীণদের কতটা সম্মান দেয় তার ওপর। বাংলাদেশ প্রবীণদের সেবা ও সামাজিক নিরাপত্তায় যে অগ্রগতি করেছে, তা প্রশংসনীয়।” তিনি প্রবীণদের মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্বের কথাও উল্লেখ করেন।

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক আবু দাউদ মিয়া বলেন, “স্বাস্থ্য, ভালোবাসা ও নিরাপত্তা—এই তিন অধিকার প্রবীণদের নিশ্চিত করতে এনজিওগুলোর আরও সমন্বিত ভূমিকা প্রয়োজন।”
কাতার চ্যারিটি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জাকারিয়া আল মোতায়ের জানান, তারা প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি প্রকল্প নিতে আগ্রহী।
এল্ডারলি কেয়ার বাংলাদেশের সভাপতি প্রফেসর ডাঃ ওয়াজিউল আলম চৌধুরী বলেন, “স্বাস্থ্যসেবা, পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তায় সমন্বিত উদ্যোগ নিলে বাংলাদেশ হতে পারে প্রবীণ-বান্ধব দেশ।”
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “গুরুদাসপুরের প্রতিটি প্রবীণ আমাদের অভিভাবক। প্রশাসন তাদের সম্মানজনক জীবনযাপনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রাখবে।”
অনুষ্ঠান সঞ্চালনা করেন চলনবিলের কৃতি সন্তান, স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মোঃ সাইদুর রহমান।

আয়নাল হক ,গুরুদাসপুর (নাটোর) 




















