২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবস-২০২৫ উপলক্ষে গুরুদাসপুর উপজেলা পরিষদ হল রুমে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কর্মসূচির সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেখামনি পারভীন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আলমাছ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম রেজা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত, তিনি নারী মুক্তির মানসকন্যা। রোকেয়ার সংগ্রামকে সফল করে তুলতে সাখাওয়াত হোসেনের অবদানও অনস্বীকার্য। সমাজে নারীরা আজ যেভাবে নেতৃত্ব দিচ্ছে, তা তাদের অদম্য পরিশ্রম ও আত্মবিশ্বাসের পরিণতি। নারী উন্নয়ন থেমে থাকা নয়— এটা অগ্রযাত্রার প্রতীক।”
তিনি আরও বলেন, “নারী জাগরণ মানে শুধু নারীর উন্নয়ন নয়— এটা সমাজ, পরিবার ও রাষ্ট্র গঠনের অন্যতম ভিত্তি।”
আলোচনা শেষে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য উপজেলায় নির্বাচিত পাঁচজন অদম্য নারীর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা হলেন—
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: রুকসানা রিমা।
সফল জননী নারী: মোছাঃ মরিয়ম বেওয়া।
সমাজ উন্নয়নে অবদানকারী নারী: মোছাঃ শেফালী খাতুন।
দুঃস্বপ্ন পেরিয়ে জীবন সংগ্রামে জয়ী নারী: আনিসা ইভা।
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী: রুবাইয়া বিনতে রেজাউল।
নারীর অগ্রযাত্রা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের এমন উদ্যোগ উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 



















