‘তরুণদের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোর-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা আব্দুল হাকিমকে নিয়ে এক প্রাণবন্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গুরুদাসপুরের নাজিরপুর আলীম মাদ্রাসা মাঠে স্থানীয় তরুণ সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থাপক মনজুরুল হাসানের পরিচালনায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদীয়মান তরুণরা আগামী দিনের গুরুদাসপুর গড়ার স্বপ্ন, সুযোগ-সংকট ও সম্ভাবনামূলক উন্নয়ন পরিকল্পনা নিয়ে সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। এক শিক্ষার্থীর চাকরিক্ষেত্রে বৈষম্য নিয়ে করা প্রশ্নের জবাবে মাওলানা আব্দুল হাকিম বলেন, “চাকরিক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতেই মূল্যায়ন হবে। ধর্ম, গোষ্ঠী বা পরিচয়কে ভিত্তি করে কাউকে বঞ্চিত করা হবে না। হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান—সবাই সমান অধিকার ও নিরাপত্তা পাবে।”
শিক্ষা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি আরও বলেন, “নির্বাচিত হলে নাটোর-৪ আসনের যেকোনো এক উপজেলায় কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে উদ্যোগ নেব। শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের রাস্তা সংস্কারকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের ক্যারিয়ার বিকাশে বিশেষ মোটিভেশনাল টিম গঠন করা হবে।”
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থপেডিক্স সার্জন ডা. রাশেদুল ইসলাম। এ ছাড়াও উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর সিদ্দিক, বড়াইগ্রাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি বাবর আলী, গুরুদাসপুর উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য দানিউল ইসলাম, নাজিরপুর ইউনিয়ন জামায়াতের আমির হামিদুর রহমান এবং জেলা ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক নাজমুল ইসলাম।
তরুণদের সরব অংশগ্রহণে সাজানো এই মতবিনিময় অনুষ্ঠানটি একদিকে যেমন নতুন প্রজন্মের উদ্বেগ-আশাকে তুলে ধরেছে, তেমনি উন্নয়ন, সাম্য ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দিয়ে আশা জাগিয়েছে জামায়াত মনোনীত এই এমপি প্রার্থী।

গুরুদাসপুর(নাটোর) প্রতিনিধি 



















