নাটোরের গুরুদাসপুরে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫।
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে লাল-নীল রঙিন বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এরপর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আলমাছ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান। আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, গুরুদাসপুর।
প্রধান অতিথি ফাহমিদা আফরোজ তাঁর বক্তব্যে বলেন, “দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি হলো সচেতন নাগরিক এবং সৎ তরুণ প্রজন্ম। সমাজের যেকোনো স্তরে দুর্নীতি রোধে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জবাবদিহি ও স্বচ্ছতা প্রতিষ্ঠা করলেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব।”
বিশেষ অতিথিদের বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুল ইসলাম বলেন, “দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতিতে সরকার কাজ করছে। সেবাপ্রার্থী জনগণের প্রতি সৎ, দায়িত্বশীল ও মানবিক আচরণই দুর্নীতি কমানোর প্রধান উপায়।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসএম আলমাছ হোসেন বলেন, “স্বাস্থ্যখাতে স্বচ্ছতা রক্ষা করা অত্যন্ত প্রয়োজন। সেবার মান বজায় রাখতে স্বাস্থ্যকর্মীদের নৈতিকতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আকতার বলেন, “শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে শিক্ষাপ্রতিষ্ঠানই হতে পারে সবচেয়ে শক্তিশালী প্ল্যাটফর্ম।”
সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, “জনগণের অংশগ্রহণ ছাড়া দুর্নীতি দমন সম্ভব নয়। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।”
সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “দুর্নীতি দমন শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি নৈতিকতার বিষয়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।”
আলোচনা সভা শেষে দুর্নীতি বিরোধী অঙ্গীকার পাঠ ও সবার মাঝে সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল তরুণদের সক্রিয় অংশগ্রহণ ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার প্রত্যয়।

আয়নাল হক, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি 



















