ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা নির্বাচন অফিস এবং উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের রামপুর, রসুলপুর এবং পত্তন ইউনিয়নের টানমনিপুর গ্রামে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এছাড়াও, কর্মসূচির অংশ হিসেবে চান্দুরা, বুধন্তি, পাহাড়পুর, চরইসলামপুর, সিংগারবিল, হরষপুর ও পত্তন ইউনিয়নে পর্যায়ক্রমে অবহিতকরণ সভা আয়োজন করা হয়।
মহিলা ভোটারদের অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনকে সামনে রেখে গণভোট বিষয়ে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ দেন।

প্রতিটি উঠান বৈঠক অবহিতকরণ সভা পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ হাছিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকীব, উপজেলা কৃষি অফিসার জিয়াউল ইসলাম ও সংশ্লিষ্ট সম্প্রসারণ অফিসারবৃন্দ।
সভায় ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব, সুষ্ঠু নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের প্রয়োজনীয়তা সম্পর্কে ভোটারদের অবহিত করা হয়। কর্মকর্তারা জানান, বাকি ইউনিয়নগুলোতেও পর্যায়ক্রমে উঠান বৈঠক ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাচন অফিসার শাদমান সাকীব বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণভোট ও পোস্টাল ব্যালট চালু করেছে সরকার। গণভোট একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার, জুলাই সনদ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল ও নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা নির্ভর করবে। তাই গণভোট বিষয়ে প্রতিটি মানুষকে যার যার অবস্থান থেকে অবহিত করতে হবে।

তানভীর ভুইয়া, বিজয়নগর 




















