খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লালন শাহ হলে বহিরাগত প্রবেশ ও যেকোনো ধরনের মাদক গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ শেখ সাদীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মাকসুদ হেলালী, পরিচালক (ছাত্রকল্যাণ) এবং সকল হল প্রভোস্টদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে লালন শাহ হলে কোনো বহিরাগত ব্যক্তির অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ।”

এছাড়া, হলের ভেতরে, ছাদে বা হল-প্রাঙ্গণের সীমার ভেতরে যেকোনো ধরনের মাদকদ্রব্য বহন বা সেবন কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। এ ধরনের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হলের শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য যেকোনো সময় পরিচালক (ছাত্রকল্যাণ), প্রভোস্ট, সহকারী প্রভোস্ট বা অনুমোদিত প্রতিনিধি হল পরিদর্শন করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে ভর্তি পরীক্ষা উপলক্ষে স্টল বরাদ্দকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২৪তম ব্যাচের শিক্ষার্থী ফাহিম গুরুতর আহত হন। ঘটনাস্থলে উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী ও ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর বি. এম. ইকরামুল হক গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত শিক্ষার্থীকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
সংশ্লিষ্ট ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় দোষী শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার এবং ঘটনার গভীরতা যাচাইয়ে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কুয়েট প্রতিনিধি 























