বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, কুয়াকাটাকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ড ও নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়াকাটার রাখাইন মহিলা মার্কেট মাঠে কুয়াকাটা পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপি গণমানুষের দল। মানুষের মন জয় করেই বিএনপি রাজনীতি করে। জনগণের আস্থার কারণেই মানুষ সবসময় বিএনপির পাশে দাঁড়ায়। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপিকে ভোট দিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ইমাম ও মুয়াজ্জিনদের জন্য মাসিক ভাতা চালু করা হবে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে প্রতিটি স্কুল ও কলেজে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এতে যুবসমাজ সুস্থ ধারায় ফিরবে এবং বেকারদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তিনি দাবি করেন, আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি আঃ জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি কাজী ফারুক এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন।
কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আঃ আজিজ মুসুল্লির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ জনসভায় আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান মিলন, যুবনেতা গাজী হানিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের হাজারো নেতাকর্মী।

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি 



















