কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল থেকেই কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ নির্ধারিত বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেন। এবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও একযোগে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, এ বছর ‘এ’ ইউনিটে মোট আসন সংখ্যা ৩০০টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ৩৩৬টি, ফলে প্রতিটি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থী।
পরীক্ষা চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কুবি প্রতিনিধি 



















