কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় মাদকাসক্ত ছেলের হাতে পিতা নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে আটক করেছে পুলিশ।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার দড়িজাহাঙ্গীর মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রমজান আলী (৪৫) ওই গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুয়েল (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। নেশার টাকার জন্য তিনি প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন করতেন। শনিবার রাতে বাবা-ছেলে একই ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ করে জুয়েল ধারালো অস্ত্র দিয়ে বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। পিতার চিৎকারে পরিবারের অন্য সদস্যরা ছুটে এসে জুয়েলকে আটক করেন এবং রক্তাক্ত অবস্থায় রমজান আলীকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত জুয়েলকে থানায় নিয়ে যায়।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।

বুরহান খান, কিশোরগঞ্জ প্রতিনিধি 



















