কর্মজীবী নারীদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে দেওয়া মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অপরাজেয় বাংলায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— ‘শফিক তুই জানিস নাকি, দেশের শক্তি অর্ধেক নারী’, ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ এবং ‘শফিক তুই ক্ষমা চা, নারী নয় পতিতা’।

সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, “একটি রাজনৈতিক দলের প্রধান দেশের নারীদের নিয়ে এতটা কুরুচিপূর্ণ ও নিকৃষ্ট ভাষায় কথা বলতে পারেন— এটা গভীর চিন্তার বিষয়। আসলে তাদের মনে যা আছে, সেটাই তারা প্রকাশ করেছে। এজন্য তাকে অনতিবিলম্বে ক্ষমা চাইতে হবে।”
তিনি আরও বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এ দেশের নারী সমাজ ব্যালটের মাধ্যমেই এই নোংরা মানসিকতার জবাব দেবে।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তারাও জামায়াত আমিরের নারীদের নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।
উল্লেখ্য, শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের উদ্দেশে একটি কুরুচিপূর্ণ মন্তব্য পোস্ট করা হয়। পরে তিনি আরেকটি পোস্টে দাবি করেন, তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রচারিত মন্তব্যগুলো ভুয়া ও মনগড়া।

মোঃ লিটন হোসেন লিটু, স্টাফ রিপোর্টার 




















