বলিউডে একসময় কোণঠাসা হলেও প্রিয়াঙ্কা চোপড়া বর্তমানে বিশ্বজুড়ে এক আইকনিক নাম। এবার দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতেও প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই দেশি গার্ল। পরিচালক এস এস রাজামৌলীর বিগবাজেট সিনেমা ‘বারাণসী’র কাজ শুরুর কথা। এরপরই প্রিয়াঙ্কার কাছে আসতে শুরু করেছে একের পর এক বড় বাজেটের দক্ষিণী ছবির প্রস্তাব।
এই কারণে মার্কিন মুলুক থেকে ঘন ঘন ভারতে আসা-যাওয়া করছেন প্রিয়াঙ্কা। বুধবার সাতসকালেই মুম্বাইয়ে পা রেখেছেন তিনি। তবে এবার তার দেশে ফেরার মূল কারণ সিনেমার শুটিং নয়, বরং ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর নতুন সিজনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেওয়া।
বিমানবন্দরে নেমেই প্রিয়াঙ্কা যেন বুঝিয়ে দিলেন, এবার তিনি প্রস্তুতি নিয়েই এসেছেন। শো’তে যাওয়ার আগেই সঞ্চালক কপিল শর্মার উদ্দেশে একরকম ‘হুঁশিয়ারি’ দিয়ে রাখলেন এই অভিনেত্রী!
কপিলকে প্রিয়াঙ্কার চ্যালেঞ্জ সাধারণত কপিল শর্মার শো’তে তারকারা আসেন ভয়ে ভয়ে, কখন না জানি কপিলের তীর্যক কৌতুক বা রোস্টিংয়ের শিকার হতে হয়। কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া যেন স্রোতের বিপরীতে। সঞ্চালকের ভয়ে কুঁকড়ে না গিয়ে উল্টো তাকেই ‘তৈরি থাকার’ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।
প্রশ্ন উঠেছে, তবে কি এবার ‘দেশি গার্ল’-এর ভয়ে ‘জুুজু’ দেখবেন কপিল? নাকি এই আন্তর্জাতিক তারকার সামনে এবার ভিন্ন কিছু ঘটতে চলেছে? তা জানা যাবে শো সম্প্রচারের পরেই।
কপিলের শোতে নতুন চমক ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর চতুর্থ সিজন নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। শোয়ের প্রোমোতে দেখা গেছে, কপিল শর্মা এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ ভিন্ন সব অবতারে— কখনও ‘জেন-জি বাবা’, কখনও ‘তাউজি’, আবার কখনও রাজা কিংবা মন্ত্রীর বেশে। শোয়ের অন্যান্য চরিত্রগুলোতেও এসেছে আমূল পরিবর্তন। এই নতুন সেটআপেই অতিথি হিসেবে থাকছেন প্রিয়াঙ্কা।

অনলাইন ডেস্ক 




















