আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পটুয়াখালী জেলা তাবলীগ জামাতের আমীর ও রাখাইন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে কলাপাড়ায় আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেনের নিজ বাসভবন কার্যালয়ে এ পৃথক সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পটুয়াখালী জেলা তাবলীগ জামাতের আমীর জনাব আয়নল হকের নেতৃত্বে কলাপাড়া উপজেলা তাবলীগ জামাতের একটি প্রতিনিধি দল বিএনপি প্রার্থীর সাথে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পারস্পরিক কুশলাদি বিনিময় ও আলোচনা অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে পটুয়াখালী জেলা তাবলীগ আমীর আয়নল হক দেশ ও জাতির মঙ্গল এবং সকলের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

একই দিন সকালে কলাপাড়া উপজেলার রাখাইন সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল ধানের শীষের প্রার্থী এবিএম মোশাররফ হোসেনের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং নির্বাচনী বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার, কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে এবিএম মোশাররফ হোসেন বলেন, “ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই মিলে এই এলাকার উন্নয়নে কাজ করতে চাই। সাধারণ মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের মূল শক্তি।”

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী) 





















