বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) বিশেষ গণবিজ্ঞপ্তির আওতায় শিক্ষক শূন্যপদের চাহিদা আহ্বান করেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ের শূন্যপদ পূরণের উদ্দেশ্যে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠান—থেকে এমপিওভুক্ত শূন্যপদ অনলাইনে সংগ্রহ করা হবে।
চাহিদা পাঠানোর সময়সীমা
৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে সব পদ শূন্য হয়েছে, সেসব শূন্যপদের চাহিদা ১৯ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে অনলাইনে পাঠাতে হবে। অনলাইনে চাহিদা পাঠানোর পরবর্তী তিন দিনের মধ্যে ই-রিকুজিশন ফি জমা দেওয়া বাধ্যতামূলক।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এনটিআরসিএতে নিবন্ধনকৃত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অনলাইনে চাহিদা দিতে হবে। পূর্বে প্রকাশিত কোনো নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির অধীনে দেওয়া চাহিদা কার্যকর থাকবে না। অফলাইন, হার্ডকপি বা ই-মেইলের মাধ্যমে পাঠানো কোনো চাহিদা গ্রহণযোগ্য হবে না।

চাহিদা পাঠানোর পদ্ধতি
প্রতিষ্ঠানপ্রধানদের নিজেদের User ID এবং Password ব্যবহার করে http://ngi.teletalk.com.bd অথবা এনটিআরসিএ’র ওয়েবসাইট www.ntrca.gov.bd–এর ই-রিকুজিশন সেবা বক্সের ‘ই-রিকুজিশন লগইন’ অপশনে প্রবেশ করতে হবে। এরপর ই-রিকুজিশন প্ল্যাটফর্মে গিয়ে প্রয়োজনীয় তথ্য পূরণ করে শুধুমাত্র এমপিওভুক্ত শূন্যপদের চাহিদা জমা দিতে হবে।
ই-রিকুজিশন ফরম পূরণের সময় এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত নির্দেশনাবলী যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

অনলাইন ডেস্ক 























