ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি প্রদেশের সিয়াউ দ্বীপে ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) ভোরে শুরু হওয়া প্রবল বৃষ্টির ফলে সৃষ্ট এই বন্যায় আরও চারজন নিখোঁজ রয়েছেন বলে আজ মঙ্গলবার স্থানীয় উদ্ধারকারী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে ইতোমধ্যে ১৬ সদস্যের একটি বিশেষ দল কাজ শুরু করেছে।
উদ্ধারকারী সংস্থার মুখপাত্র নুরিয়াদিন গুমেলেং জানিয়েছেন, বন্যায় এখন পর্যন্ত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্গত এলাকার প্রধান সড়কগুলো পাথর, গাছের ডালপালা এবং ঘন কাদায় ঢেকে যাওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। কাদা সরাতে এবং রাস্তা পরিষ্কার করতে বেশ কয়েকটি ভারী এক্সকেভেটর মোতায়েন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, ‘বন্যার তোড়ে ঘরবাড়ি হারানো অন্তত ৪৪৪ জন বাসিন্দাকে উদ্ধার করে স্থানীয় স্কুল ও গির্জাগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে।’
উত্তর সুলাওয়েসির গভর্নর ইউলিউস সেলভানাস জানিয়েছেন, ‘এই বন্যায় কয়েকশ ঘরবাড়ি এবং বেশ কিছু সরকারি ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে।’
আবহাওয়া অধিদপ্তর সতর্ক করে জানিয়েছে, ‘আগামী কয়েক দিনে সুলাওয়েসি ছাড়াও জাভা, মালুকু এবং পাপুয়া দ্বীপে আরও ভারী বৃষ্টিপাত ও বন্যার ঝুঁকি রয়েছে।’

অনলাইন ডেস্ক 





















