সাভারের আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করে রাখা আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয়।
বুধবার (১২ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে করে দুজন মুখোশধারী ব্যক্তি এসে হঠাৎ বাসে আগুন ধরিয়ে দেয় এবং দ্রুত স্থান ত্যাগ করে। স্থানীয়রা তা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এরই মধ্যে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।
বাসের চালক আব্দুস সাত্তার বলেন, “আমি তখন বাসের ভেতর ঘুমিয়ে ছিলাম। হঠাৎ আগুন দেখে জানালা দিয়ে লাফ দিয়ে নামি। নিচে নেমে দেখি চারজন দুইটি মোটরসাইকেলে দাঁড়িয়ে আছে, তারা হেলমেট পরা। আমি চিৎকার করলে তারা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে আমি হাঁটুতে আঘাত পাই।”
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আগুন নিয়ন্ত্রণে আনি। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
বাসের মালিক মো. সোহেল বলেন, “এই বাসটাই ছিল আমার একমাত্র উপার্জনের সম্বল। যারা আমার এই ক্ষতি করেছে তাদের বিচার চাই। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করছি- আমি যেন ক্ষতিপূরণ পাই সেই ব্যবস্থা করা হয়।”
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

মোঃ আবীর হাসান, সাভার 






















