বলিউড অভিনেত্রী সারা আলী খান অভিনীত সিনেমা ‘কেদারনাথ’, ‘সিম্বা’, ‘আতরঙ্গি রে’ থেকে শুরু করে সাম্প্রতিক প্রশংসিত ‘মেট্রো ইন দিনো’ —টানা বেশ কয়েকটি সিনেমায় তিনি নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকম-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, কীভাবে কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়, বাবা সাইফ আলী খানের কাছ থেকে তা শিখেছেন।
সাইফ আর অমৃতার মধ্যে বিবাহবিচ্ছেদের পর মায়ের কাছেই থাকেন সারা। তবে বাবা-মেয়ের সম্পর্কও দারুণ। সারা বলেছেন, ‘কাজের মূল্য দিতে হয় নিশ্চয়, তবে ব্যক্তিগত সুখকেও যে গুরুত্ব দিতে হয়, এটাই বাবা আমাকে শিখিয়েছেন। সাফল্যের মাঝেও মাটিতে পা রেখে কীভাবে বিনয়ী থাকা যায়, সেটা তার থেকেই শিখেছি। আমি সেই পথেই চলার চেষ্টা করি।’
ব্যস্ততার মধ্যেও নিজের জন্য সময় বের করতে ভালোবাসেন সারা। বই পড়া বা নতুন শহর ঘুরে দেখা—দুটিই তার প্রিয় শখ।
সারা জানান, আমি কোনো গল্পের মধ্যে হারিয়ে যেতে ভালোবাসি। ভ্রমণের মাধ্যমেই স্থির এবং শান্ত থাকি আর ভ্রমণে নতুন নতুন অভিজ্ঞতা আমার সৃজনশীলতাকে আরও জাগিয়ে তোলে। কাজের বাইরে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো তাকে সবচেয়ে বেশি সতেজ এবং ফুরফুরে রাখে।
অভিনেত্রী না হলে সারা কী হতেন এমন প্রশ্নের জবাবে হালকা হেসে জানান, অভিনয়ে না এলে হয়তো তিনি ‘শায়েরা’ (কবি) হতেন। ‘দ্বিপদী লিখতাম, পার্টিতে আবৃত্তি করতাম। হয়তোবা সারা কি শায়রি, সব পে ভারী নামের ইনস্টা সিরিজও শুরু করতাম। লেখালেখির প্রতি আমার ভালোবাসা এবং আগ্রহ ছিল সব সময়। ইতিহাস ও রাজনীতি নিয়ে পড়েছি, তাই সংবাদমাধ্যমে বা শিক্ষামূলক কাজ করতে পারতাম,’ বললেন অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে সারাকে সব সময় হাসিখুশি, বিন্দাস আর প্রাণবন্ত দেখা যায়। প্রকাশ্যে নিজেকে প্রাণবন্ত বলে পরিচয় দিলেও তিনি স্বীকার করেন যে কখনো কখনো মনমরা বা উদ্বেগের দিন থাকে। ‘আমরা সবাই মানুষ। মাঝে মাঝে ক্লান্ত লাগা বা দুঃখ পাওয়া স্বাভাবিক।
সারাকে সম্প্রতি অনুরাগ বসুর ‘মেট্রো ইন দিনো’-তে দেখা গেছে। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন অনুপম খের, নীনা গুপ্তা, কঙ্কণা সেন শর্মা, পংকজ ত্রিপাঠী, আদিত্য রায় কাপুর, আলী ফজল ও ফাতিমা সানা শেখ।
সামনেই মুক্তি পেতে চলেছে তার নতুন ছবি ‘পতি পত্নী অউর ওহ ২’।

অনলাইন ডেস্ক 



















