বাংলাদেশের সমসাময়িক উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে অধ্যাপক ড. মোঃ মোহসীন রেজা এক উজ্জ্বল নাম। তিনি শিক্ষা, গবেষণা, সাংস্কৃতিক চর্চা ও প্রশাসনিক নেতৃত্ব—এই চার অঙ্গনে সমান দক্ষতার পরিচয় দিয়েছেন।
২০২৫ সালের ৬ অক্টোবর তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্চ (CHSR)-এর পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এ কেন্দ্রটি বিইউপি-তে এমফিল ও পিএইচডি ডিগ্রির তত্ত্বাবধান ও পরিচালনা করে থাকে। তাঁর এই দায়িত্বগ্রহণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও সুসংগঠিত ও আন্তর্জাতিক মানসম্পন্ন হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ছাত্রজীবন থেকেই ড. রেজা ছিলেন বুদ্ধিবৃত্তিক উৎকর্ষ ও সাংগঠনিক দক্ষতার প্রতীক। ১৯৯৪ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় দলনেতা হিসেবে ধারাবাহিকভাবে নেতৃত্ব দেন এবং বহুবার শ্রেষ্ঠ বক্তার স্বীকৃতি অর্জন করেন। বিতর্ক, আবৃত্তি ও লেখালেখির মাধ্যমে তার প্রকাশভঙ্গি, যুক্তিবোধ ও নেতৃত্বগুণ শাণিত হয়, যা পরবর্তী সময়ে তার শিক্ষাজীবন ও প্রশাসনিক দায়িত্বপালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২০০১ সাল থেকে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্য বিষয়ের শিক্ষকতা শুরু করেন। দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি কাতারের দোহা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ২০১৮ সালের ১ জানুয়ারি তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর ইংরেজি বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে যোগদান করেন এবং একই বছর প্রতিষ্ঠা করেন বিইউপি রিসার্চ সোসাইটি। তার নেতৃত্বে এখন পর্যন্ত আটটি ‘ন্যাশনাল রিসার্চ প্রজেক্ট কন্টেস্ট’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রতি বছর দেশের প্রায় ৫০টিরও বেশি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে। এতে দেশব্যাপী তরুণ গবেষকদের মধ্যে গবেষণা-চর্চার আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বৃদ্ধি পাচ্ছে।
২০২১ সালের ২১ অক্টোবর তিনি বিইউপি-এর ইংরেজি বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৫ সালের ৬ অক্টোবর পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ইংরেজি বিভাগ থেকে প্রায় ১৭০ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন, এর মধ্যে প্রায় ৭০ জন ইতোমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেছেন।
এছাড়া, একাধিক শিক্ষার্থী সশস্ত্র বাহিনীর কর্মকর্তা, স্কুল-কলেজ শিক্ষক, গবেষক ও প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ড. রেজা এই সাফল্যকে নিজের সর্বোচ্চ অর্জন বলে মনে করেন। তাঁর শিক্ষার্থীরা ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, এমআইএসটি, ড্যাফোডিল ইন্টার্ন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটিসহ অনেক সরকারি বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করছেন জেনে তিনি আনন্দিত।
গবেষণার ক্ষেত্রেও তিনি সমানভাবে সক্রিয় ও প্রতিষ্ঠিত। ইংরেজি সাহিত্য, ভাষা শিক্ষা এবং তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তার ২৫টির বেশি গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক ইনডেক্সড জার্নালে প্রকাশিত হয়েছে।
তাঁর রচিত দুটি গ্রন্থ—Theories and Practices Nexus of Teaching English Language Skills in Bangladesh এবং Elements of Peace and Security in the Major Religions of the World—জার্মানির ল্যাম্বার্ড ও অ্যামাজন প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। ২০২৫ সালের ১ জুন তিনি ইংরেজি বিভাগে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন।
শিক্ষার্থীবান্ধব, সংস্কৃতিমনা, গবেষণা-কেন্দ্রিক এবং নীতিনিষ্ঠ শিক্ষক হিসেবে ড. মোহসীন রেজা সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে শ্রদ্ধেয়। তার সহজগম্যতা, শৃঙ্খলাপরায়ণতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে একজন আদর্শ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সহকর্মীদের মতে, তিনি যেমন দূরদর্শী পরিকল্পনাকারী, তেমনি বাস্তবমুখী নেতৃত্বের ধারক।
সব মিলিয়ে ড. মোঃ মোহসীন রেজা কেবল একজন শিক্ষক নন; তিনি একজন গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শিক্ষাদর্শনের বাস্তব প্রয়োগকারী। তাঁর নেতৃত্বে বিইউপি’র উচ্চশিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল, আন্তর্জাতিকমানসম্পন্ন ও সমৃদ্ধ হবে—এটাই সকলের প্রত্যাশা। তাঁর মেধা, নেতৃত্ব ও প্রজ্ঞা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

স্টাফ রিপোর্টার 























